খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় নৌকায় সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচির সময় মাদকসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে ৩৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বাদলা ইউনিয়নের হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ সদস্য সাদা রঙের একই রকম পোশাক পরে হাওরের ভাসান পানিতে ভাড়া নৌকা নিয়ে ঘুরতে যায়। তারা নৌকায় মদ খেয়ে মাতলামি করে এবং উচ্চ স্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে।
এ সময় ইটনা ক্যাম্পের যৌথ বাহিনী বর্শিকুড়া সেতু এলাকায় অভিযানে চালিয়ে এদের আটক করে। এ সময় ২০টি মদের (খালি) বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা, একটি ধারালো ছুরি ও ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।
ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, ‘অভিযানকালে আটক ৩৯ জনের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুজনের কাছে ইয়াবা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’
খবরওয়ালা/এসআর