রাজধানীর সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা এক দশকেরও পুরোনো মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন—বিএনপি নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী জানান, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকেই এটি দুর্বল ছিল। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত সকল আসামিকে বেকসুর খালাস দেন।
জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুরে একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পাঁচ যাত্রী দগ্ধ হন। পরদিন (১১ নভেম্বর) তৎকালীন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়।
২০১৯ সালের ২১ মে মামলার তদন্ত শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হয় বলে জানিয়েছে আদালত।
খবরওয়ালা/আরডি



