ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইয়েমেন

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশের আকাশসীমায় এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েল লক্ষ করে নিক্ষেপ করে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত হেনেছে বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার (১৬ জুন) সকাল পর্যন্ত এ হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইসরায়েলের তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ‌‘ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে’ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন কর্মীদের কোনো আঘাত লাগেনি ও জেরুজালেম এবং তেল আবিবে দেশটির দূতাবাস ও কনস্যুলেট সোমবার (১৬ জুন) বন্ধ থাকবে।

এর আগে গত শনিবারও কঠিন সময় পার করেন হাকাবি। ওই সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে উত্তেজনাপূর্ণ এবং কঠিন বলে জানান তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, সারারাত ধরে তাকে পাঁচবার বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

সূত্র: আল জাজিরা, সিএনএন

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।