‘এবিজি বসুন্ধরা ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ফুটবল আসরে জয় দিয়ে শুভসূচনা করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ ‘বি’-এর এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাঁশি বাজার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা চরম আক্রমণ ও পাল্টা আক্রমণে লড়তে শুরু করেন। বল দখলের লড়াইয়ে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিল না।
খেলার ষষ্ঠ মিনিটে ইউল্যাবের পেনাল্টি বক্সের ঠিক বাইরে তাদের এক রক্ষণভাগের খেলোয়াড় ফাউল করায় বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় সোনারগাঁও ইউনিভার্সিটি। তবে সে সময় চমৎকার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে সোনারগাঁওয়ের নেওয়া ফ্রি-কিকটি রুখে দেন ইউল্যাবের গোলরক্ষক।
গোলরক্ষক বলটি বার উঁচিয়ে বাইরে পাঠিয়ে দিলে কর্নার অর্জন করে সোনারগাঁও। ম্যাচের ঠিক সপ্তম মিনিটে সেই কর্নার থেকেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। নিখুঁত কর্নার থেকে পাওয়া বলে নিয়ার পোস্টে থাকা সোনারগাঁওয়ের ফরোয়ার্ড রাশেদ চোখধাঁধানো এক হেডে বল জালে জড়িয়ে দেন।
রাশেদের এই দুর্দান্ত গোলে প্রথমার্ধেই লিড নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। এরপর ইউল্যাব সমতায় ফেরার একাধিক প্রচেষ্টা চালালেও সোনারগাঁওয়ের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সোনারগাঁও।
দ্বিতীয় অর্ধে খেলা আরও জমে ওঠে। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে অলআউট আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইউল্যাব। অন্যদিকে ব্যবধান বাড়ানোর উদ্দেশ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ফরোয়ার্ডরাও একের পর এক পাল্টা আক্রমণ শানায়। তবে উভয় দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিংয়ের অভাব এবং রক্ষণভাগের দৃঢ়তায় দ্বিতীয় অর্ধে আর কোনো গোল হয়নি।
নির্ধারিত সময়ের খেলা শেষে ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই বিজয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরল তারা। ক্রিকেটের সফলতার পর ফুটবলেও এমন জয়ে এবারের টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত শক্ত অবস্থানের জানান দিল সোনারগাঁও ইউনিভার্সিটি।


