আবারও ত্রাণ নিতে আসা ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি সেনারা মার্কিন-সমর্থিত ত্রাণকেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণ ২০ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এ হামলায় শত শত লোক আহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে।

লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দখলদারদের গুলিতে ২০ জন শহীদ এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার রেড ক্রস ফিল্ড হাসপাতালে এবং গাজার দক্ষিণে নাসের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, বরাবরের মতো ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ঘটনাগুলো পরীক্ষা করে দেখছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের এসব আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, খাদ্য বিতরণ কেন্দ্রে পৌঁছাতে মরিয়া বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক হামলার তাৎক্ষণিক, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজার ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ, অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে। ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা জীবন রক্ষাকারী সাহায্য আটকে দিয়েছে।

ভলকার তুর্ক আরও বলেন, ইসরায়েলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরক্তিকর, অমানবিক বক্তব্য সবচেয়ে ভয়াবহ অপরাধের কথাকেই স্মরণ করিয়ে দেয়।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।