চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। অর্থাৎ, পরীক্ষার আর মাত্র ১০ দিন বাকি। এই সময়ে দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে ৬ দফা নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসের সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিচের নির্দেশনাগুলো বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা
- ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণায় শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে যুক্ত করতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা
- নিয়মিত সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
- জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
- সংক্রমিত ব্যক্তির কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- অপরিষ্কার হাতে চোখ, মুখ ও নাক স্পর্শ করা যাবে না।
- হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢাকতে হবে।
- করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ২৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৩ জন। শনাক্তের হার বর্তমানে ৮.৯৩%।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুবরণ করেন।
পরীক্ষার পূর্বমুহূর্তে এই সতর্কতামূলক পদক্ষেপগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ও সুরক্ষিত পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
খবরওয়ালা/আরডি



