আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে ধসে পড়েছে ভবন, দগ্ধ ৬

ঢাকার আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ছয় জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত ছিল।

দগ্ধরা হলেন-জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এর মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মালিক জুয়েল মিয়া অপরিকল্পিতভাবে ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বাড়িটি তৈরি করে ভাড়া দিয়েছিলেন। একটি কক্ষে গ্যাস লিকেজ থেকে সারা রাত ধরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার সময় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়।  

বাড়িটির ম্যানেজার শামীম মিয়া বাংলানিউজকে বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে গ্যাস লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস ঘরের মধ্যে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পুরো ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আল রিফাত তালুকদার বাংলানিউজকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ হয়েছে। এটি কোনো সিলিন্ডার বিস্ফোরণ ছিল না। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।  

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।