খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৪৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বজলুর রশিদ টুলু।
মৃত ইউসুফ আলী (৪৫) যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এই নিয়ে যশোরে করোনার তৃতীয় ধাপে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই হাসপাতালে তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।
বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই তিনি মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত বলেন, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে ওভার ফোনে করোনা পজিটিভে এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।
খবরওয়ালা/এমইউ