বনশ্রীতে গৃহকর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর চার দিন রিমান্ড

রাজধানীর বনশ্রীতে মরজিনা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্তা মাহবুবুল হক চৌধুরী ওরফে বাবর আলী (৫৯) এবং তার স্ত্রী জামিলা চৌধুরী (৪৫)–এর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এডিসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জুন) হবিগঞ্জ থেকে বাবর আলী ও জামিলা চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতি মাসে তিন হাজার টাকা বেতনে প্রায় ১১ মাস আগে মরজিনা গৃহকর্মী হিসেবে বাবর আলীর বাসায় কাজ শুরু করেন। কিছুদিন পর থেকেই তিনি পরিবারের সদস্যদের মাঝে মাঝে ফোন করে শারীরিক নির্যাতনের কথা জানান। একপর্যায়ে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মরজিনার চাচা আব্দুর রহমান গত ১২ এপ্রিল বনশ্রী থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০ মার্চ তিনি ওই বাসায় গিয়ে দেখেন মরজিনা নেই। এ ঘটনায় পরিবারের সন্দেহ বাড়ে এবং পরে তদন্তে উঠে আসে তার নিখোঁজের পেছনে গৃহকর্তা ও গৃহকর্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে।

ঘটনার গভীরতা ও প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/আশ

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।