খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় একটি মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ কিছুটা ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটিকে রক্ষায় জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা চলছে।’
তিনি আরও বলেন, ‘সেন্ট মার্টিন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা কেটে যাবে।’
এ সময় তিনি দাবি করেন, ‘দেশের সব শপিং সেন্টার এখন পলিথিন ব্যাগমুক্ত। বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে সরকার উদ্যোগ নিচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় উৎপাদন বাড়াবে, আর সাধারণ মানুষ সহজেই সুলভ মূল্যে পাটের ব্যাগ কিনতে পারবেন।’
সংবাদ সম্মেলনে দেশে চলমান মব জাস্টিস (গণপিটুনি) নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।’
খবরওয়ালা/আরডি