খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানে। দেশটির সামরিক সদরদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ট্রেন্ড সংবাদ সংস্থা।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মডেলের ড্রোন—যেমন ‘হার্মিস’, ‘হেরন’ এবং ‘হারপ’—ইরানের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। সম্প্রতি ‘হার্মিস ৯০০’ এবং ‘হার্মিস ৪৫’ মডেলের ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী।
উল্লেখ্য, ১৩ জুন সকালে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায়। এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাকেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের প্রধান গোলাম আলি রাশিদসহ ছয়জন পারমাণবিক বিজ্ঞানী ও অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন।
এরই জবাবে ওই দিন রাতেই ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামের প্রতিশোধমূলক হামলা চালায়। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়, যার মধ্যে তেল আবিবও ছিল। হামলায় বেসামরিক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
খবরওয়ালা/এন