ময়মনসিংহে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
ময়মনসিংহে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর তরুণী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে আরও দুইজন এখনো পলাতক।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৮ জুন সকালে ভালুকা উপজেলার একটি গার্মেন্টসে কর্মরত ওই তরুণী ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চার তরুণ তাকে ফুঁসলিয়ে শম্ভুগঞ্জের রঘুরামপুর ইউসি হাইস্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত সার গোডাউনে নিয়ে যায়।
সেখানে তাকে গণধর্ষণ করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী ধর্ষণের পর মানসিক ভেঙে পড়ে পাটগুদাম ব্রিজ থেকে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তরুণীর মা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
পুলিশ শম্ভুগঞ্জের এক কিশোর (১৭) ও রঘুরামপুরের মো. কাইয়ুম (১৯) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
সোমবার (২৩ জুন) বিকেলে তরুণী আদালতে ২২ ধারায় বিস্তারিত জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার হয়ে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বিকেলে আদালতে ঘটনার বর্ণনা দিয়ে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
খবরওয়ালা/এমএজেড