মবকাণ্ডে কাউকেই ছাড় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মবকাণ্ড সৃষ্টিকারী সবাইকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানের পর তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নূরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাকে জুতায় আঘাত ও ডিম ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার পরই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, ‘নূরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। এ ধরনের “মব” পরিস্থিতি দমন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা “মব” সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো অভিযোগে মামলা করা হবে।’ তিনি হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।