খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
সাংগঠনিক অচলতা ও লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলামসহ তিন নেতা পদত্যাগ করছে।
মঙ্গলবার (২৪ জুন) এক যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটি থেকে পদত্যাগীরা হলো- ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিলো। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র জনতার ঐক্য বিনাশ করেছে।
এ ছাড়া ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। এসব কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তারা বিব্রতবোধ করছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘তাদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তারা সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল না।’
প্রসঙ্গত, এর আগে একই অভিযোগ তুলে গত ১ জুন সংগঠনটি থেকে পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।
খবরওয়ালা/এমইউ