খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় নিহতদের মধ্যে একজন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ও অপরজন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার ওপর ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
খবরওয়ালা/এফএস