খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৮ টার দিকে সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন, সেতু খাতুন (৩০) ও তার সাত মাস বয়সি মেয়ে আনিশা।
নিহতের একজন সজন জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রান্নার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার কোলেই ছিল শিশু আনিশা। ফলে শিশুটিও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, ‘সকাল ৯টার দিকে মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তারা দুজনেই আগেই মারা গেছেন।’
বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
খবরওয়ালা/এফএস