পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে প্রথম ইউনিটের সুরক্ষা কাঠামো—রিয়্যাক্টর কন্টেইনমেন্ট—এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই পরীক্ষায় কন্টেইনমেন্টের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পরীক্ষার অংশ হিসেবে কন্টেইনমেন্টের ভেতরের চাপ কৃত্রিমভাবে বাড়ানো হয়। এ কাজে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেসার। এ সময় কাঠামোটির ভৌত দৃঢ়তা ও অভেদ্যতা যাচাই করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায়—বিপর্যয়ের সময় তেজস্ক্রিয় পদার্থ যেন বাইরে না ছড়ায়।
‘কন্টেইনমেন্ট’ হলো একটি সুদৃঢ় রিয়্যাক্টর কাঠামো, যা তৈরি হয় প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট এবং ভেতরে ইস্পাতের আস্তরণ দিয়ে। এটি পারমাণবিক রিয়্যাক্টরের শেষ সুরক্ষা ব্যূহ হিসেবে কাজ করে—জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় উপাদান যেন বাইরে না ছড়ায়, তা নিশ্চিত করে।
রোসাটম জানিয়েছে, শিগগিরই ইউনিটটিতে ‘হট মিডিয়া টেস্ট’ শুরু হবে। এর আওতায় রিয়্যাক্টরের কুল্যান্ট সার্কিট উত্তপ্ত করা, বাষ্প উৎপাদন এবং নিরাপত্তা প্যারামিটারগুলো পরীক্ষা করা হবে।
এই প্রক্রিয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হতে পারে, তবে রোসাটম আশ্বস্ত করেছে—এই শব্দ বা পরীক্ষা জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর প্রকল্পে স্থাপিত হয়েছে দুইটি ভিভিইআর-১২০০ চুল্লি, প্রতিটির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। এটি ৩+ প্রজন্মের প্রযুক্তি, যা নিরাপত্তা ও কার্যকারিতায় বিশ্বমানের। প্রকল্প বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ।
খবরওয়ালা/আরডি



