কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে পোস্ট, মহিলা নেত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাজিয়া সুলতানা সম্পা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। তাঁকে মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজিয়া সুলতানা সম্পা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন এবং পরে সেই কেক আশপাশের দোকানে নিয়ে গিয়ে মানুষকে খাওয়াচ্ছেন।

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম জানান, জেলার পুরাতন স্টেডিয়ামে চলমান বাণিজ্য মেলায় বাচ্চাদের খেলনার একটি স্টল বরাদ্দ নেন রাজিয়া সুলতানা সম্পা। সেই স্টলেই তিনি কেক কাটেন।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘মহিলা লীগের কোনো নেত্রী কেক কাটছেন তা আমাদের জানা ছিল না। এত বড় মেলায় কে কোথায় কী করল, তা নজরে রাখা সম্ভব নয়।’

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ঘটনার সত্যতা যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।