চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭। শুক্রবার কালুরঘাট ব্রিজে এলাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুক, জায়েদা বেগম, কক্সবাজার সদর উপজেলার ইকবাল হোসেন ও রাঙ্গামাটির রাজস্থালীর প্রদীপ মল্লিক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সিএনজি ও একটি প্রাইভেটকারে করে মাদক চক্রের কয়েকজন সদস্য কালুরঘাট এলাকা হয়ে পটিয়ার দিকে যাচ্ছেন। এ খবরে শুক্রবার সকালে কালুরঘাট ব্রিজ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব সদস্যরা। সন্দেহভাজন দুটি গাড়ি চেকপোস্টের দিকে এলে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেন। তবে চালকরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের তথ্যে সিএনজির পেছনের সিট ও প্রাইভেটকারের ডিকি থেকে বিশেষ কৌশলে রাখা দুটি বস্তা থেকে মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটিও।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।