চাকরির প্রলোভনে আশ্রমে নিয়ে ধর্ষণ, পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা

চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আশ্রমে ডেকে নিয়ে গিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারী নারীর দাবি, ২০১৩ সালে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন ভারত সেবাশ্রম সংঘের এই মহারাজ। তবে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কার্তিক মহারাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ তাঁকে একটি স্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে যান। সেখানে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু একরাতে মহারাজ তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেছেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ছয় মাসে মহারাজ তাঁকে অন্তত ১২ বার ধর্ষণ করেছেন।

ওই নারী আরও বলেছেন, এত বছর ধরে ভয় ও অসহায়তার কারণে তিনি এই ঘটনা গোপন রেখেছিলেন। মহারাজ তাঁকে হুমকি দিয়েছিলেন, তিনি যদি পুলিশের কাছে যান, তাহলে আত্মহত্যা করবেন। তবে এবার তিনি মুখ খুলেছেন। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই নারী একটি অভিযোগ করেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।

তবে চলতি বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ভূষিত কার্তিক মহারাজ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ওই নারী যে আশ্রমের কথা উল্লেখ করেছেন, সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই। মহারাজ বলেছেন, ‘আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর জীবনে এ ধরনের বাধা অস্বাভাবিক নয়। আমি আইনিভাবে এই বাধা মোকাবিলা করব।’

সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মামলাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্বাচনে গেরুয়া দলকে সহায়তা করা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনেছিলেন।

এ ছাড়া ২০২৪ সালে কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে তাঁর আশ্রমের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কার্তিক মহারাজ সম্প্রতি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তাঁকে তৃণমূল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কটাক্ষ করেছিলেন। ঘটনাটি এমন এক সময় সামনে এলো, যখন রাজ্যে পৃথকভাবে এক কলেজ শিক্ষার্থীর গণধর্ষণের ঘটনায় শাসকদল তৃণমূলের এক নেতার সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক চলছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।