খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 16শে আষাঢ় ১৪৩২ | ৩০ই জুন ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চট্টগ্রামের সাতকানিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমান নামে এক স্কুলশিক্ষককে জনসম্মুখে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
শনিবার (২৮ জুন) রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভুক্তভোগী শিক্ষক আবদুর রহমান বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বুচির পাড়ার বাসিন্দা।
শুক্রবার (২৭ জুন) রাতে কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট বাজারে হানিফ নামের এক দোকানদারের ডাকে দোকানে যান শিক্ষক আবদুর রহমান। অভিযোগ অনুসারে, সেখানে উপস্থিত হানিফসহ আরও পাঁচজন—হান্নান, সোহাগ, ইকবাল, আবু বক্কর ও মুসলিম উদ্দিন হিরু মিলে শিক্ষককে দোকানের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর শুরু হয় শারীরিক নির্যাতন।
ভুক্তভোগী শিক্ষক বলেন, “তারা খালি স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নিতে চেয়েছিল। অস্বীকৃতি জানালে আমাকে ছুরির ভয় দেখায়, পরে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু তারা এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
অভিযুক্তদের একজন মুসলিম উদ্দিন হিরু ফেসবুকে দাবি করেছেন, শিক্ষক আবদুর রহমান পরিবারের জমির অধিকাংশ বিক্রি হলেও নিজের অংশ ছাড়ছেন না। উপরন্তু, তিনি বাড়তি জায়গা দখল করে রেখেছেন। ঘটনার দিন আবদুর রহমান তাঁর বাবাকে ধাক্কা দেন বলে দাবি করেন হিরু।
“আমরা শুধু তাকে আটকে রেখেছিলাম যাতে সে পালিয়ে যেতে না পারে,”— বলেন হিরু।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “ঘটনার ভিডিও আমাদের নজরে এসেছে। আবদুর রহমান থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, “একজন শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি আমি নিজেও ফেসবুকে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
খবরওয়ালা/এমএজেড