খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগরের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।
ওই দুই শিশুর খালা ইয়াসমিন বেগম বলেন, ‘শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দু’জনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে তুলে মরদেহ বাড়িতে নিয়ে যায়।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
খবরওয়ালা/এসআর