নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫
পবিত্র আশুরা উপলক্ষে ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার) সাদরিয়া সোসাইটির উদ্দ্যোগে মৌন শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে কেরাণীগঞ্জ চুনকুটিয়া দরবার থেকে মিছিলটি শুরু হয়।
ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার) সাদরিয়া সোসাইটির কর্ণধার আনোয়ার আহমেদ শিবলী-এর তত্ত্বাবধানে মিছিলটি জুরাইন তুলাবাগিচায় অবস্থিত শাহ সূফি সদর উদ্দিন আহমদ চিশতীর মাজার জিয়ারতসহ ঢাকার বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে চুনকুটিয়া দরবারে এসে শেষ হয়।
এসময় খালি পায়ে হাজারও মানুষ এতে অংশ নেন। মিছিল দেখতে রাস্তার দুই পাশে জড়ো হন হাজার মানুষ। মিছিলের সামনে পিকআপ ভ্যানে পানি এবং শরবতের ব্যবস্থা থাকলেও এসময় অনেকেই রাস্তার দুই পাশ থেকে মৌন মিছিলে অংশগ্রহণকারীদের পানি পান করান। মিছিল শেষে চুনকুটিয়া দরবারে ফিরে ইমাম হোসাইন সম্পর্কে কারবালার বিষয়বস্তু নিয়ে নানা আনুষ্ঠানিকতা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ভালোলাগা থেকে ইমাম হোসাইনের প্রেমে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন।
ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার) সাদরিয়া সোসাইটির কর্ণধার আনোয়ার আহমেদ শিবলী জানান, ৮ বছর থেকে আশুরায় ইমাম হোসাইনের স্মরণে এই মৌন শোক মিছিলটি করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই মিছিলে হোসাইন প্রেমিক হাজারো মানুষ অংশ নিয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, হাসনাবাদে অবস্থিত হযরত কামু চান শাহ বাবার মাজার, মিলব্যারাকে অবস্থিত হযরত মোতালেব শাহ বাবার মাজার, ফরাশগঞ্জে অবস্থিত বিবি রওজা, বাবু বাজারে অবস্থিত বাবা বাহার শাহ’র মাজার, কদমতলিতে অবস্থিত নাঈম শাহ বাবার মাজারসহ কেরাণীগঞ্জে অবস্থিত বিভিন্ন অলি আল্লাহদের মাজার জিয়ারত করে চুনকুটিয়ায় নিজ দরবারে ফিরেন তারা।
খবরওয়ালা/এমইউ