খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
এইচএসসি ২০২৫ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্রে দুটি ভুল এমসিকিউ থাকার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় ‘ক’ সেট প্রশ্নপত্রে এমন ভুল ধরা পড়ে, যা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এইচএসসি পরীক্ষার্থী মামুন হোসেন বলেন, “প্রশ্নপত্র শুরু থেকেই কঠিন মনে হচ্ছিল। তার মধ্যে যেসব প্রশ্ন আমি ভালো বুঝি, সেগুলোর সঠিক অপশনই নেই! এর ফলে পরীক্ষার সময় খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আমি চাই, এই প্রশ্ন দুটির জন্য যেন সবাইকে নম্বর দেওয়া হয়।”
প্রশ্নপত্রে ২২ প্রশ্নে দেখা যায়,

উদ্দীপকে Y এর মান ০, যখন- i. A = 1 B = 0, ii. A = 0 B = 1, iii. A = 1 B = 1
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও ইইই
এ প্রশ্নের উত্তরের ব্যাখ্যা হলো- XOR gate এর Output ০ হয় যখন দুটি ইনপুট একই হয়। সে হিসেবে অপশনে কোনো সঠিক উত্তর নেই।
২৪ নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের উদ্দীপকটি পড় এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও:
void main ()
} int i = 15, j j =j++ Printf (“%d %d”, i, j);
উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে i ও j এর মান কত হবে?
(ক) 15,15 (গ) 16,16 (খ) 15,16 (ঘ) 16,17
এ প্রশ্নের উত্তর হবে 16, 15, যেটা অপশনে নেই।
একজন অভিভাবক বলেন, “এইচএসসি এমনিতেই চাপের পরীক্ষা। এর মধ্যে ভুল প্রশ্ন থাকাটা চরম অব্যবস্থাপনার পরিচয়। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বোর্ডকে দায়িত্ব নিতে হবে।”
ঢাকার একটি নামকরা কলেজের একজন আইসিটি শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রশ্ন দুটি কাঠামোগতভাবে ঠিকঠাক হলেও অপশন বিভ্রাট আছে। এমসিকিউ তো লিখিত নয়—শুধু একটা বক্স টিক করতে হয়। সেখানে ভুল অপশন দেওয়া হলে প্রশ্নই বাতিলযোগ্য।”
ঢাকা শিক্ষা বোর্ড এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিষয়টি প্রশ্ন পর্যালোচনা কমিটির নজরে এসেছে, এবং বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরীক্ষার্থীদের দাবি—ভুল প্রশ্নে তারা দায়ী নয়। সেই প্রশ্নের জন্য সবার জন্য পূর্ণ নম্বর বরাদ্দ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে প্রশ্ন তৈরিতে আরো সতর্কতা, নিরীক্ষা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
খবরওয়ালা/এমএজেড