খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার পাঁচরুখী গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।
গৃহকর্তা সিরাজুল ইসলাম মোল্লা জানান, রাত ৩ টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত পা বেঁধে ফেলে।
ডাকাতদল ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
খবরওয়ালা/এমইউ