চীন–পাকিস্তান–বাংলাদেশ ‘জোট’, বিপাকে ভারত

ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, যদি বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ শুরু করে, তবে তা ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) ভারতের থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানা গেছে।

জেনারেল চৌহান বলেন, ‘যদি এই তিন দেশের মধ্যে কোনোরকমের সহযোগিতা এবং স্বার্থের মিল দেখা দেয়, তাহলে তা ভারতের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক দুর্দশাকে বাইরের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা ভারতের জন্য দুর্বলতা সৃষ্টি করতে পারে।’

এ সময় তিনি বিশেষভাবে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যদি চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি সম্ভাব্য সমন্বিত স্বার্থ তৈরি হয়, তবে তা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তায় বিশাল প্রভাব ফেলবে।’

তবে তিনি উল্লেখ করেন যে, অপারেশন সিন্দুর চলাকালে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে কতটা রাষ্ট্রীয় সমর্থন দেওয়া হয়েছিল তা নির্ধারণ করা কঠিন। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় উত্তরের সীমান্তে (চীনের দিকে) কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা যায়নি।’

জেনারেল চৌহান আরও বলেন, ‘অপারেশন সিন্দুর সম্ভবত প্রথমবার দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে ফেলেছিল।’

তিনি আরও জানান, ভারত স্পষ্ট ঘোষণা করেছিল যে, পারমাণবিক হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করা যাবে না।

তিনি অপারেশন সিন্দুরের বিষয়ে বলেছিলেন যে এটি একটি ‘বিশেষ ঘটনা’ ছিল এবং এটি বিশ্বের জন্য একটি শিক্ষা হতে পারে। তার মতে, যুদ্ধে বিস্তৃতি সম্ভব এবং এটি সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রের মতো নতুন যুদ্ধক্ষেত্র পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।