খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অতীতে কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সাথে বেঈমানি করেছেন, যার ফলে দলটি সাতবার ভেঙে গেছে। তবে, জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা সব সময় দল ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পাশে রয়েছে। তারা কখনোই দল থেকে বিচ্যুত হয়নি।
জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে বুধবার (৯ জুলাই) দুপুরে এক সংবর্ধনা সভায় এ কথা বলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
গত ২৫ জুন ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে কাদেরের নেতৃত্বে দলের আগামী পথচলার ফয়সালা করে দিয়েছেন। শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘২০২১ সালে জিএম কাদের যে বক্তব্য দিয়েছিলেন, তা ২০২৪ সালে প্রতিফলিত হয়েছে এবং আগামী দিনেও তা সঠিক প্রমাণিত হবে।’
তিনি বলেন, ‘গোলাম মোহাম্মদ কাদেরের সততা ও স্বচ্ছতা তার নেতৃত্বে জ্বলজ্বল করছে। পাঁচ বছর মন্ত্রীর দায়িত্ব পালনকালীন তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। তিনি ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন, দেশের মানুষের পক্ষে কাজ করেছেন সংসদের বাইরে থেকে।’
পাটোয়ারী বলেন, ‘বর্তমানে কিছু মানুষ হয়তো বলে যে, কাদেরকে অব্যাহতি দেওয়া উচিত, কিন্তু এ ধারণা সম্পূর্ণ হাস্যকর। জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মী যেকোনো পরিস্থিতিতেই কাদেরের পাশে রয়েছে এবং তাকে কোনো অবস্থাতেই দল থেকে সরানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি দেশে উন্নয়ন এবং সুশাসন নিয়ে আগামী দিনে জনগণের দ্বারে দ্বারে যাবে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের পরিপ্রেক্ষিতে আমরা জনগণের কাছে যাব এবং জাতীয় পার্টিকে নিরাপদ দল হিসেবে তুলে ধরব।’
নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষণা করেন, ‘আমরা খুব শীঘ্রই দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করবো। আমাদের একমাত্র লক্ষ্য হলো জাতীয় পার্টিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশ ও মানুষের জন্য কাজ করা।’
সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. মমতাজ উদদীন, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ নেতা-কর্মী।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল হক এবং সঞ্চালনায় ছিলেন সুলতান আহমেদ সেলিম।
খবরওয়ালা/আরডি