বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ

পাল্লেকেলের আলোকোজ্জ্বল সন্ধ্যায় আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা সফরে এখনো কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ, তাই এই টি-টোয়েন্টি সিরিজ তাদের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই।

এই সফরের শুরুটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র করলেও দ্বিতীয়টিতে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজেও ব্যাটে-বলে ছন্দহীনতা দেখা যায়, ফলস্বরূপ ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়।

এবারের সিরিজের একটি বিশেষ দিক হলো নেতৃত্বে ঘনঘন পরিবর্তন। শ্রীলঙ্কা সফরের আগে নাজমুল হোসেন শান্ত দুই ফরম্যাটের অধিনায়ক ছিলেন। কিন্তু সফরের আগে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজের কাঁধে দায়িত্ব দেওয়া হয়। টেস্ট সিরিজের পর শান্ত টেস্টের দায়িত্বও ছেড়ে দেন। শান্তর পর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। টেস্টে এখনও কোনো অধিনায়ক নির্ধারিত হয়নি। অনেকের ধারণা, নেতৃত্বের এই অস্থিরতা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।

শ্রীলঙ্কার কন্ডিশনে বাংলাদেশ বরাবরই সংগ্রাম করেছে। তবে ফরম্যাট পরিবর্তনের সাথে সাথে দলটি কিছুটা নতুন রূপে ফিরতে পারে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা। বিশেষ করে, যদি এবার ব্যাটিং ব্যর্থতা না হয়, তাহলে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। অন্যদিকে, আগের দুই ফরম্যাটে হারের পর লিটন দাসের জন্যও এটি একটি বড় পরীক্ষা। টি-টোয়েন্টি ফরম্যাটে তার আক্রমনাত্মক মেজাজ এবং ক্রিকেটের বোঝাপড়া দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
 

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।