মেসি ম্যাজিকে জোড়া গোলে টানা দ্বিতীয় জয় পেল মিয়ামি

লিওনেল মেসি ইন্টার মিয়ামের জার্সিতে আরও একটি উজ্জ্বল দিন কাটালেন, ফক্সবোরো, ম্যাসাচুসেটসে জোড়া গোল করে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক জয়। বুধবার রাতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়ে এমএলএসে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মিয়ামি। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মেসিরা পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, নিউ ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচ হারলো এবং সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি।

গত শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে মেসি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এমএলএসে ফিরেই আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা জোড়া গোল করেছিলেন। অর্থাৎ, সর্বশেষ দুই ম্যাচে মেসির গোল সংখ্যা ৪টি এবং একটি অ্যাসিস্টও রয়েছে। তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চারটি ম্যাচে একাধিক গোল করেছেন এবং প্রতিটিতেই তার দল জয়ী হয়েছে।

এ নিয়ে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ১৪টি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে আর্জেন্টাইন তারকার মোট গোলের সংখ্যা ২০টি।

 ম্যাচের ২৭ মিনিটে মেসির প্রথম গোলটি আসে। নিউ ইংল্যান্ডের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মেসি দ্রুত বক্সে ঢুকে পড়েন এবং শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।

 আর্জেন্টাইন ফুটবল জাদুকর তার দ্বিতীয় গোলটি করেন ৩৮ মিনিটে, এবার তাকে সহায়তা করেন সার্জিও বুসকেটস। বুসকেটস মাঝমাঠ পার হয়ে দুই নিউ ইংল্যান্ড ডিফেন্ডারকে পাশ কাটিয়ে একটি নিখুঁত পাস দেন মেসির দিকে। মেসি বলটি দৌড়ে ধরে নিখুঁতভাবে পোস্টের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন।

 নিউ ইংল্যান্ড ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায়। কার্লেস গিল বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করেন।

ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত ৫ মিনিটে উস্তারি ও মিয়ামির রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে নিউ ইংল্যান্ড আর কোনো গোল করতে পারেনি। যদিও শট অন টার্গেটে (৬-৩) এবং মোট শটে (১৬-১৩) মিয়ামির চেয়ে নিউ ইংল্যান্ড এগিয়ে ছিল, কিন্তু মিয়ামি তাদের সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।