শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাঘিনীরা

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্বপ্নময় সূচনা করল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের মধ্যে ছয়টি আসে দ্বিতীয়ার্ধে।

ম্যাচ শুরু হতেই এক মিনিটের মধ্যে ফ্রি-কিক থেকে স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তার একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান ২-০ তে। ৩৭ মিনিটে ডান দিক থেকে সিনহার বাড়ানো বলে আলতো শটে সাগরিকা করেন তৃতীয় গোল। প্রথমার্ধে আরও দুটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে সাগরিকার পাস থেকে দ্বিতীয়বারের মতো জালে বল পাঠান মুনকি। পরের মিনিটেই শান্তি মার্ডির লম্বা ক্রস ধরে গোল করেন সিনহা। ৫২ মিনিটে সাগরিকা নিজের দ্বিতীয় গোল করেন, আর ৫৮ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডি আরও দুটি গোল করে ব্যবধান ৯-১ করেন। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি করেন লাইয়ানশিকা।

প্রথমে পাঁচ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—নিয়ে শুরু হয়েছে এবারের আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই প্রতিপক্ষ ভুটান, ১৯ জুলাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মেয়েরা। শেষ ম্যাচ ২১ জুলাই, প্রতিপক্ষ আবারও নেপাল।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা বরাবরই সফল। সর্বশেষ ২০২৪ সালের আসরে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। পাঁচবারের আসরে চারবারই শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যদের।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।