খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
সদ্য প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এবারও ভর্তি প্রক্রিয়ার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে একটি খসড়া নীতিমালা, যেখানে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে কোটা ব্যবস্থায়।
সূত্র বলছে, চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির ভর্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থান কোটা’ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কোটায় ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া, আহত কিংবা শহীদদের পরিবার বিশেষ সুবিধা পেতে পারেন। একইসঙ্গে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা’ নীতিমালা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তা মনে করছেন, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পর এসে এই কোটার বাস্তব প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে।
২০২৪ সালের নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়, আর বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটায়। এর মধ্যে ৫ শতাংশ ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য বরাদ্দ। তবে এবার এই দুই ধরনের কোটা বাতিলের পক্ষে মত দিয়েছেন বোর্ড কর্মকর্তারা।
ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, তারা নতুন নীতিমালায় সব ধরনের কোটা তুলে দেওয়ার পরামর্শ দেবেন। তাদের মতে, মুক্তিযোদ্ধা সন্তানদের কলেজ পর্যায়ে ভর্তি হওয়ার বয়স পার হয়ে গেছে, এবং নাতি-নাতনি কোটা উচ্চ আদালতের রায়ে ইতিমধ্যেই বাতিল হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভিন্নমত রয়েছে। তারা বলছে, সব কোটা একসঙ্গে বাতিল না করে সময়োপযোগী কিছু পরিবর্তন আনা হবে। বিশেষ করে ২০২৪ সালের ৭ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যেসব শিক্ষার্থী বা তাদের পরিবার আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, তাদের জন্য ‘জুলাইযোদ্ধা কোটা’ চালু হতে পারে।
এক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নাম প্রকাশ না করে জানান, বাস্তবতার নিরিখে মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা এখন কম। আর অতিরিক্ত সুবিধা নিয়ে পোষ্য কোটা ঘিরেও বিতর্ক রয়েছে। তাই সময় এসেছে প্রাসঙ্গিক ও সমসাময়িক বিবেচনায় নতুন কোটা ব্যবস্থার।
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই অনুমোদন হতে পারে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত চূড়ান্ত নীতিমালা।
খবরওয়ালা/টিএস