শিক্ষকের যৌন হয়রানির প্রতিবাদে নিজের শরীরে আগুন দিলো ছাত্রী

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোর জেলার ফকির মোহন কলেজে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। কলেজের বিভাগের প্রধান শিক্ষক সমীর কুমার সাহুর বিরুদ্ধে বারবার যৌন সুবিধা চাওয়ার প্রতিবাদে এক ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে এক সহপাঠীও গুরুতর আহত হন, যার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে দুজনই আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বরের এইমস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

ছাত্রীর অভিযোগ করেছেন, শিক্ষক সাহু তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতে চেয়েছিলেন। রাজি না হলে ভবিষ্যৎ বরবাদ করে দেওয়ার হুমকিও দেন। গত ১ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে লিখিত অভিযোগ জানান তিনি। কিন্তু অভিযোগের পরে এক সপ্তাহ কেটে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শনিবার (১২ জুলাই)। কলেজের প্রধান ফটকের সামনে চলমান বিক্ষোভের মধ্যে ছাত্রীটি অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ অবস্থায় তিনি করিডোরে দৌড় দিলে এক সহপাঠী তাঁকে বাঁচাতে গিয়ে নিজেও আগুনে পুড়ে যান। পরে উপস্থিত শিক্ষার্থী ও কর্মীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে পাঠান।

কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেন, অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল এবং উভয়পক্ষকে শুনানির আশ্বাস দেওয়া হয়। তবে ছাত্রীর মানসিক অবস্থা এবং ধৈর্য হারানোতেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে।

ঘটনার পর পরই ওড়িশার শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ জানান, অভিযুক্ত শিক্ষক সমীর কুমার সাহু ও অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাহুকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বালাসোরের পুলিশ সুপার রাজ প্রসাদ বলেন, ঘটনার তদন্তে একাধিক দল কাজ করছে। প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত করা হবে।

এই ঘটনার পর রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা ও যৌন হয়রানি বিরোধী কার্যকর ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই মর্মান্তিক ঘটনা।

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।