খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
বান্দরবানের চিম্বুক সড়কের রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোররাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। এরা সবাই রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর ফলে বিভিন্ন ঘরের সংযোগে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ফ্যান বা লাইটের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর বৈদ্যুতিক তারে জড়িয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে তিনি শুনেছেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন। এর মধ্যে একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।’
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য