খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং চন্দন রায় সান্যালকে এবার একসঙ্গে দেখা যাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’-তে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ জুলাই ওপার বাংলার প্রেক্ষাগৃহে। এরই মধ্যে প্রচারণার অংশ হিসেবে এই জুটি একটি রোমান্টিক ফটোশুটে অংশ নেন, যা দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে—যেখানে অর্ক চরিত্রে চন্দন এবং তার স্ত্রীর ভূমিকায় জয়া। সন্তান চাওয়ার ইচ্ছা থেকে শুরু হয় দত্তক নেওয়ার সিদ্ধান্ত, যা মোড় নেয় জটিল আবেগ আর বাস্তবতার দিকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দন জানান, “ঘনিষ্ঠ দৃশ্যের আগে বন্ধুত্ব খুব জরুরি ছিল। আমরা একে-অপরকে চিনি না—তাই শুরুতেই ওয়ার্কশপে অংশ নিই, গল্প করি, আড্ডা দিই। এতে একে-অপরের সঙ্গে সহজ হয়ে উঠি। বন্ধুত্ব তৈরি হওয়ায় ক্যামেরার সামনে রসায়ন তুলে ধরা সহজ হয়েছে।”
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরামর্শেই তারা একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরের সঙ্গে স্বচ্ছন্দ হন বলে জানান চন্দন। তার ভাষায়, “টনি দাদা চেয়েছিলেন আমরা একে-অপরকে ভালো করে বুঝি। ফলে পরে ঘনিষ্ঠ দৃশ্যেও অস্বস্তি হয়নি।”
অন্যদিকে, জয়া আহসানও একই সুরে বলেন, “আমার তেমন কিছু মনে হয়নি। কারণ, দৃশ্যগুলোর জন্য খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা বিষয়গুলো দারুণ রুচিশীলভাবে উপস্থাপন করবেন।”
বাংলাদেশের দর্শকদের মাঝেও সিনেমাটি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন এই জুটির রসায়ন, সংবেদনশীল গল্প এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে।
উল্লেখ্য, জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’, যা প্রেক্ষাগৃহে আসবে ১ আগস্ট।
খবরওয়ালা/এমএজেড