খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুরে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শরীফ রতনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন। আদালত বলেন, মা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মাদক সেবনের টাকার জন্য মাকে চাপ দেন শরীফ রতন (৩২)। মা জাহানারা বেগম (৬০) টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো বটিদা দিয়ে উপর্যুপরি কোপ মেরে তাকে হত্যা করেন রতন। এ সময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে রতনকে গ্রেপ্তার করে। নিহত জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহত মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের সামনেই নিজের অপরাধ স্বীকার করেন রতন। মামলার তদন্তে সাক্ষ্য, ফরেনসিক প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে জানান রাষ্ট্রপক্ষ।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা জানান, আট বছর পর হলেও ন্যায়বিচার পেয়েছেন তারা।
খবরওয়ালা/এন