বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে সড়ক অবরোধ, পালালেন অভিযু্ক্ত কর্মকর্তা

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে স্থানীয়রা মানববন্ধন, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করেছেন। রোগীর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বাণিজ্য, দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যান।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে গৌরনদী উপজেলা হাসপাতাল রোডে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা আশোকাঠী বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও পুলিশের সদস্যরা অবরোধ তুলে নিতে ব্যর্থ হন। পরে আন্দোলনকারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসকের অপসারণের আশ্বাস পেলে অবরোধ প্রত্যাহার করেন।

আন্দোলনকারীরা জানান, কর্মসূচি চলাকালে ডা. মনিরুজ্জামানের ঘনিষ্ঠ একাধিক ডায়াগনস্টিক সেন্টারের দালাল তিনবার মানববন্ধনের সামনে মহড়া দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন। রুবেল গোমস্তা বলেন, “ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে কমিশন বাণিজ্যের মাধ্যমে রোগীদের শোষণ করে আসছেন। লিখিত অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাইনি। বাধ্য হয়ে রাজপথে নেমেছি।”

তিনি আরও জানান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার নামে বাণিজ্যের অভিযোগ ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।