খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
কক্সবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র হামলায় আহত বিএনপির স্থানীয় নেতা রহিম উদ্দিন সিকদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত রহিম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভারুয়াখালীর মরশাপাড়া এলাকায় এক প্রবাসীর জমি দখলের চেষ্টা চালানো হচ্ছিল ৫ আগস্টের পর থেকে। কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমানের নেতৃত্বে ওই জমি দখলের অভিযোগ ওঠে।
প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করলে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার দুই পক্ষের কাগজপত্র দেখে সমস্যার মীমাংসা করেন। এতে ক্ষুব্ধ হন নোমান।
এর জেরে গত রোববার (১৩ জুলাই) রাতে পানিরছড়া এলাকায় শফিকুরের ভাই রহিম উদ্দিন ও স্বজনদের ওপর হামলা চালানো হয়। শফিকুর বলেন, ‘আমার চাচাতো ভাই জাহেদ সিকদার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। খবর পেয়ে আমার ভাতিজা ছাত্রদল সভাপতি সাকিব সিকদার, ভাই রহিম সিকদার, শাহিন ও জসিম সেখানে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।’
আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় সাকিব, রহিম ও শাহিনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। আজ সকালে রহিম চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে মারা যান। সাকিব এখনো আইসিইউতে আছেন।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মিজানুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
খবরওয়ালা/এন