খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। অন্যদিকে, একই সময়ে করোনাভাইরাসে নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন। করোনাতেও নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২১ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর ঢাকা মহানগরে ৬৭ জন, ঢাকা বিভাগের অন্য এলাকায় ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ৩৩ জন, খুলনায় ২৬ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২৭ জন নারী।
অন্যদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৯৮ শতাংশ। তবে কারো মৃত্যু হয়নি।
চলতি বছর এ পর্যন্ত দেশে ৬৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে মৃত্যু হয়েছে মোট ২৭ জনের। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
খবরওয়ালা/এন