খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের মারামারি দেখে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খুকুমনি বেগম (৭৫) খুলনার পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, খুকুমনি বেগম বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পেটে ব্যথা ও উচ্চমাত্রার ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের শয্যা সংকটের কারণে তাকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এদিকে, একই হাসপাতালে আলমতলা গ্রামের মকছেদ মালী নামের এক রোগী স্ট্রোক করে আগের দিন ভর্তি হন। সেও বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।
নিহত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা অভিযোগ করে জানান, আমার অসুস্থ মা প্রসাব পরীক্ষা করানোর জন্য বাথরুমে যায়। সেখানে থেকে ফেরার সময় ওনার পায়ে লেগে মকছেদ মালির ফ্যানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় অপর রোগীর স্বজনরা আমাদের গালাগাল করে। বিষয়টি আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোনকে বেদম মারধর করে। একপর্যায়ে মারপিট দেখে আমার মা মারা যায়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমনি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনের মারামারি দেখে হার্ট এ্যাটাকে খুকুমনি মারা গেছেন বলে মনে হয়েছে।
হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা-কয়রার ডি সার্কেল আরিফুল ইসলামসহ থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
খবরওয়ালা/এসআর