খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, বুধবার (১৭ জুলাই) বিকেলে ওই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। এর কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে যে তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান। বৃহস্পতিবার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে।”