টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা না দেওয়ায় পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আসিফ আলী জিভালের বিরুদ্ধে মারধর এবং পরকীয়ায় আসক্তির অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী দেওয়ান স্বীকৃতি রহমান (চৈতি)।

এ ঘটনায় ঢাকার সিএমএম আদালত ও যশোরে পৃথক দুটি মামলা দায়ের করার পর, স্বামী তাঁর ক্ষমতার অপব্যবহার করে তাকে হেনস্তার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী চৈতি।

তবে মো. আসিফ আলী জিভাল সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘বিষয়টি যেহেতু মামলায় গড়িয়েছে, তাই আদালতেই এর সুরাহা হবে।’

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর শহরের পুরোনো কসবা বিবি রোডের বাসিন্দা দেওয়ান স্বীকৃতি রহমান (চৈতি) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপরদিকে, খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মো. আসিফ আলী জিভালও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরেই সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ১৬ মার্চ ৫০ লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করেন।

এর আগে, উভয়েরই পৃথক বিয়ে হয়েছিল এবং তাদের মাঝে চৈতির প্রথম পক্ষের একটি মেয়ে সন্তান রয়েছে, যা তারা তাঁদের অ্যাফিডেভিটে উল্লেখ করেছেন।

তবে অভিযোগে বলা হয়, বিয়ের পর কয়েক মাস সুখে শান্তিতে সংসার শুরু হলেও, ১৯ এপ্রিল জিভাল চৈতির কাছে একটি গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা দাবি করেন। চৈতি টাকা দিতে না পারায়, জিভাল তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন। পরদিন চৈতি শ্বশুরবাড়ি থেকে যশোরে বাবার বাড়ি চলে যান এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে, দুই পক্ষের আপস-মীমাংসার মাধ্যমে তিনি আবার শ্বশুরবাড়ি ফিরে যান।

এরপর, ১৫ নভেম্বর, চৈতি বাবার বাড়িতে বেড়াতে গেলে, জিভাল তাকে আবার ২৫ লাখ টাকা দিয়ে গাড়ি কেনার জন্য চাপ দিতে থাকেন। পরিবারের অর্থনৈতিক দৈন্যের কথা উল্লেখ করে টাকা দিতে অস্বীকৃতি জানালে, জিভাল তাকে মারধর করেন, যার ফলে চৈতির শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং ১৭ ফেব্রুয়ারি যশোর কোতোয়ালি থানায় যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে মামলা করেন।

চৈতি আরও বলেন, ‘আমরা দুজনই জানতাম যে আমাদের পূর্বের বিয়ে ছিল। এসব জেনেই আমরা বিয়ে করি, কিন্তু বিয়ের পর থেকেই জিভাল পল্লবী নামের অন্য একটি বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের কারণে আমাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন।’ এর পরিপ্রেক্ষিতে, চৈতি ঢাকার সিএমএম আদালতে একটি মামলা (নম্বর ১৬২৫/২৪) এবং যশোর আদালতে আরেকটি মামলা (৩১/১০৩) দায়ের করেন।

চৈতি বলেন, ‘আমি এসব বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসককে অবহিত করেছি, কিন্তু তিনি কোনো সুরাহা না দেওয়ায়, ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছি, যাতে যৌতুকের দাবিতে মারধর এবং পরকীয়ায় আসক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

বাদীর আইনজীবী তাহমিদ আকাশ বলেন, ‘ভুক্তভোগী যশোর কোতোয়ালি মডেল থানাতেও অভিযোগ দিয়েছিলেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়, তবে দুঃখের বিষয়, পুলিশ এখনও আসামিকে আটক করতে পারেনি এবং আদালতে চার্জশীট জমা দেওয়ার তিনটি তারিখও পার হয়ে গেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী জিভাল গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তবে কখনো একসঙ্গে সংসার বা থাকা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি কেন তাকে নির্যাতন করব বা যৌতুক চাইব? তিনি এখন আর আমার স্ত্রী নন। যেহেতু মামলার বিষয় আদালতের কাছে রয়েছে, আদালতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।