খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে শ্রাবণ ১৪৩২ | ২০ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কমলাপুর রেলস্টেশন থেকে কৌশলে একটি আবাসিক হোটেলে নিয়ে ১২ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আল আমিন নামে এক যুবক আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক কবির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশ জানায়, আল আমিন একজন সিরিয়াল ধর্ষক, মূলত সুবিধাবঞ্চিত পথশিশুদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে আসছিলেন। গত ১৪ জুলাই যাত্রাবাড়ীর আনোয়ারা আবাসিক হোটেলের ২৫৬ নম্বর কক্ষ থেকে এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। মরদেহে যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির নাম-পরিচয় এখনও নিশ্চিত না হলেও পুলিশের ধারণা, তার বাড়ি বরিশালে।
তদন্ত সূত্রে জানা যায়, হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আল আমিন ও তার সঙ্গী সাদ্দামকে শনাক্ত করে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
গত ১২ জুলাই রাতে আল আমিন ও সাদ্দাম ছেলে শিশুটিকে নিয়ে ওই হোটেলে ওঠেন। সেখানে তারা শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। পরদিন (১৩ জুলাই) তারা হোটেল থেকে পালিয়ে যান। ১৪ জুলাই হোটেল কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে।
খবরওয়ালা/শরিফ