বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো দেশ শোকাহত। প্রাণঘাতী এই দুর্ঘটনার প্রেক্ষাপটে সরকার আগামীকাল (২২ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সেই শোককে সম্মান জানিয়ে কালো ব্যাজ পরে মাঠে নামবেন বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা।
মাইলস্টোন কলেজ এলাকার কাছে বিমান বিধ্বস্তের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাতীয় জীবনের এই বেদনাবিধুর ঘটনায় ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোক। ইতোমধ্যে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ও বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) শোক প্রকাশ করেছে।
ঘটনার পরপরই তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, শাদমান ইসলাম, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও আকবর আলী।
আগামীকাল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করারও চিন্তাভাবনা করছে বিসিবি। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, এই দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতেই কালো ব্যাজ ধারণ করা হবে, এবং শোকাবহ পরিবেশে ম্যাচটি শুরু হবে।
খবরওয়ালা/শরিফ



