খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সেই তরুণ, যিনি হামলার সময় বলেছিলেন, ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ তাঁর এই বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশিকুর রহমান তানভীর (১৯), যিনি ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার বাসিন্দা; জেফরী অভিষেক সিকদার (২১), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার; আবু সফিয়ান (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের; ও মো. শাকিল মিয়া (১৯), কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির বাসিন্দা।
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পুলিশ একটি মামলা দায়ের করে, যেখানে অজ্ঞাতনামা ১,২০০ জনকে আসামি করা হয়।
পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৮ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেন।
খবরওয়ালা/শরিফ