২১ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত। 

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় বিএসএফ তার মরদেহ হস্তান্তর করে। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন লিটনের বাবা মনির আহম্মদ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ইয়াছিন লিটন, জাকির হোসেন মিল্লাত ও আফছার সীমান্ত পিলার ২১৬৪/৩-এস অতিক্রম করে ভারতের তারকাঁটা বাউন্ডারির কাছে পৌঁছালে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিলোনিয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

সেই ঘটনায় আহত দুইজনের মধ্যে মিল্লাত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনী জেনারেল হাসপাতালে। গুরুতর আহত আফছার (৩০) চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিএসএফের গুলির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সীমান্তে এমন গুলিবর্ষণ কোনোভাবেই কাম্য নয়। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।”

বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বীরেন্দ্র সিং, ভারতের বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে, বিজিবি কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।