আগস্টে ঘরে ঘরে ‘তাণ্ডব’ চলবে

প্রেক্ষাগৃহের মাধ্যমে দেশীয় ও প্রবাসী অনেক দর্শকের মন জয় করে এবার বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘তাণ্ডব’।

প্রেক্ষাগৃহের অধ্যায় শেষ করে সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এবং ‘হইচই’-এ।

মুক্তির পর ‘তাণ্ডব’ সিনেমাটি নানা কারণেই তাণ্ডব তুলেছে দর্শকদের মাঝে। একদিকে এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। অন্যদিকে দীর্ঘদিন পর একই সিনেমায় কাজ করেছেন শাকিব খান-জয়া আহসান। এছাড়া, অতিথি চরিত্রে আফরান নিশো এবং সিয়াম আহমেদ দেখিয়েছেন তাদের চমকানো ঝলক।

আগস্টে চরকি ও হইচই-এ ‘তাণ্ডব’ দেখতে পাবেন দর্শকরা। জানা গেছে, শিগগিরই ওটিটিতে মুক্তির দিন-ক্ষণ জানানো হবে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৭ জুলাই দুপুরে চরকি ও হইচই আলাদা মেইল মারফত তথ্যটি নিশ্চিত করেছে।

‘তাণ্ডব’–এর দৃশ্য। চরকির সৌজন্যে
‘তাণ্ডব’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

জানানো হয়েছে, ‘দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর, এই আগস্টে চরকিতে ‘তাণ্ডব’ তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।’

এদিকে ওটিটিতে সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান রাফী নিজেও। তিনি বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনও জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়-তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’

‘তাণ্ডব’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

বলা প্রয়োজন, শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো, সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানু প্রমুখ।    

উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে চরকি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।