জানালা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাবিবা লামিয়া নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত একটি ভাড়া বাসার চতুর্থ তলার জানালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লামিয়া ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, একাডেমিক ফলাফল নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, লামিয়া তার মা-বাবার সঙ্গে ল্যাবরেটরি স্কুলের সামনের ভাড়া বাসায় থাকতেন। প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হওয়ায় তিনি পরবর্তী শিক্ষাবর্ষে উঠতে ব্যর্থ হন, যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সহপাঠীরা জানান, এই বিষয় নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন।

সকালে বাসার গৃহকর্মী কক্ষ পরিষ্কার করতে গিয়ে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লামিয়াকে দেখতে পান। গৃহকর্মী বলেন, ‘লামিয়া জানালার সঙ্গে ঝুলছিলেন, তবে তাঁর পা মাটিতে লেগে ছিল। ফাঁসি দিলে তো সারা শরীর ঝুলে থাকার কথা, তাহলে এটা কীভাবে হলো?’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর পুলিশে যোগাযোগ করি। পুলিশ এবং মেডিকেল বিভাগের একজন ডাক্তার ঘটনাস্থলে গিয়ে লামিয়ার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার বলেন, ‘আমরা খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের সঙ্গে ঘটনাস্থলে যাই এবং লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পাই। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে এসেছি, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বরও একই বিভাগের আরেক শিক্ষার্থী তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের একজন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছিল।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।