জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
জয়পুরহাটে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে খনজনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের অধীন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।
ক্যাম্পে চর্ম ও যৌন রোগ, চক্ষু, শিশু, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৮টি বুথের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী সবসময়ই দেশের মানুষের পাশে থাকতে চায়।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে তারা সন্তুষ্ট। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে ক্যাম্পটি ছিল বেশ জমজমাট।
খবরওয়ালা/এন