খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫
কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় অপহৃত এক নারীকে উদ্ধার করে দুই অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নারিসবুনিয়া গ্রামের শামছুল আলমের ছেলে মোহাম্মদ ফিরোজ এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্ডি এলাকার শরিফের ছেলে আহাম্মদ খলিল।
কক্সবাজার সেনাবাহিনীর অপারেশন অফিসার সাদমান ইসলাম বলেন, রাত পৌনে ৮টার দিকে এক নারীকে অটোরিকশাযোগে অপহরণ করা হচ্ছিল। টহল দলের সদস্যরা চিৎকার শুনে সাড়া দেন এবং অটোরিকশাটিকে আটক করে ওই নারীকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারী কক্সবাজার শহরের একটি হোটেলের কর্মী। বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষ তার বেতন বাবদ ৯ হাজার টাকা দিয়েছিল। যা অপহরণকারীরা ছিনিয়ে নেয়।
দুই অপহরণকারীকে পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস।
খবরওয়ালা/এমইউ