ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, থানায় জিডি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি এলাকার সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পূজারি মন্দির থেকে নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকালবেলা স্থানীয় বাসিন্দা ভজন শীল মন্দিরে গিয়ে বিভিন্ন প্রতিমার অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার পর খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান মন্দিরের সাবেক সভাপতি শ্যামল দত্ত। তিনি বলেন, ‘রাতের আঁধারে এ ঘটনা ঘটায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তাই আমরা মামলা করিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’

কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা ইন্সপেক্টর শেখর চন্দ্র মল্লিক জানান, মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের পরামর্শে বুধবার (৩০ জুলাই) একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে দেওয়া হবে, যার ব্যয় বহন করবে জেলা পুলিশ। এছাড়া দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা বলেন, ‘মন্দিরের সামনে কোনো নিরাপত্তা ফটক না থাকায় দুর্বৃত্তরা সহজেই মন্দিরে প্রবেশ করতে পেরেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।’

স্থানীয়দের মাঝে ঘটনার পর থেকে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও দোষীদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।